পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিন দিন পর খালের পানিতে ভাসমান অবস্থায় এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আ. রশিদ হাওলাদার (১০২)। তিনি ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকার একটি খাল থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। এর আগে গত রবিবার (২ নভেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে আ. রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফেরেননি। পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে নিখোঁজের বিষয়টি তারা পুলিশকে জানাননি।
মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, নিখোঁজের বিষয় বা মরদেহ উদ্ধারের ঘটনাটি কেউ পুলিশকে অবহিত করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তিনি বলেন, “বৃদ্ধ আ. রশিদ মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন। সুরতহাল প্রতিবেদনে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।”
ওসি আরও জানান, প্রাথমিক তদন্ত চলছে—তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মুক্তিসরণি/এমএস
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: