৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণ এবং পিএসসি’র সংস্কারের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নেন ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হাবিপ্রবি শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘৪৭-এর কান্না—আর না’, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস’—এমন স্লোগান দিতে থাকেন। অবরোধে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, এতদিন তারা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে আসছিলেন। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি সময় না দিয়ে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করায় তারা বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছেন। অন্যান্য সময়ে পিএসসি অন্তত ছয় মাস প্রস্তুতির সুযোগ দিলেও এবার মাত্র দুই মাস সময় দেওয়া ‘হঠকারিতাপূর্ণ সিদ্ধান্ত’ বলে তারা মন্তব্য করেন।
তাদের দাবি, জনদুর্ভোগ তারা উপলব্ধি করেন; তবে পিএসসি এই সিদ্ধান্ত সংশোধন না করলে বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না। দ্রুততম সময়ে পরীক্ষার সময় পুনর্নির্ধারণের আহ্বান জানান তারা।
মুক্তিসরণি/এমএস
হাবিপ্রবি প্রতিনিধি