ঢাকা | | বঙ্গাব্দ

রাজশাহী সদর আসনে বিএনপির প্রচারযাত্রা শুরু

রাজশাহী সদর আসনে বিএনপির প্রচারযাত্রা শুরু
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর ৯নং ওয়ার্ডের হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি–সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট ও সমর্থন কামনা করেন। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও আস্থা প্রার্থনা করেন। নেতাকর্মীরা প্রচারণায় লিফলেট বিতরণে অংশ নেন।

সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। রাজশাহীর উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ ও মানুষের জীবিকার সুযোগ বাড়ানো—এসবই হবে আমার অঙ্গীকার।”

গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় জরুরি উল্লেখ করে মিনু বলেন, “ক্ষমতা নয়, জনগণের সেবা করাই আমার প্রথম দায়িত্ব। আমি আপনাদের একজন কর্মী হিসেবেই কাজ করতে চাই।”

প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুক্তিসরণি/এমএস