গণভোট কবে হবে, এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদের ভিন্নমত প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে—এসব বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভেদ রয়ে গেছে। তাই সরকারের সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।” ড. আসিফ নজরুল আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই। গণভোটের বিষয় নির্ধারণ এবং জুলাই সনদের সংশোধন বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে।” সভায় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ঐকমত্য কমিশন ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উল্লেখ করা হয়, কমিশনের আলোচনায় কিছু সংস্কার প্রস্তাব নিয়ে এখনো ভিন্নমত থাকলেও তা সমাধানের জন্য রাজনৈতিক উদ্যোগ জরুরি। এ সময় উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে।
মুক্তিসরণি/এমএস
নিজস্ব প্রতিবেদক