জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (লন্ডন সময়) বেলা ১১টায় পূর্ব লন্ডনের হায়াত প্যালেস হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না। আমরা জনগণের নৈতিক আশা-আকাঙ্ক্ষার বাইরে কিছু বলি না। দুর্নীতি দেশের ভয়ানক সমস্যা—জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “যাদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি টিকে আছে, তাদের ভোটাধিকার থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। প্রবাসীদের অধিকার রক্ষায় আমরা সোচ্চার।”
গুম-খুনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে জামায়াত আমির বলেন, “অপরাধ যেই করুক, সেটি অপরাধই। নিরপরাধ মানুষের ওপর নির্যাতন চালানো মানবাধিকার লঙ্ঘন, যা মেনে নেওয়া যায় না।”
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “জামায়াত চায় দেশে এমন বিনিয়োগ পরিবেশ তৈরি হোক, যেখানে কাউকে ঘুষ দিতে হবে না। ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে জামায়াতের ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ ইউরোপের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মুক্তিসরণি/এমএস
মুক্তিসরণি ডেস্ক