ঢাকা | | বঙ্গাব্দ

ভারত সফর নিয়ে টানা তৃতীয় ‘ইউ-টার্ন’ নেতানিয়াহুর

ভারত সফর নিয়ে টানা তৃতীয় ‘ইউ-টার্ন’ নেতানিয়াহুর
ad728
নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নয়াদিল্লিতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ নিয়ে এ বছর তৃতীয়বার সফর পরিকল্পনা স্থগিত করলেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে সংঘটিত গত এক দশকের সবচেয়ে মারাত্মক ওই হামলায় অন্তত ১৫ জন নিহত হন। নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল নেতানিয়াহুর। কিন্তু এর আগেও সেপ্টেম্বর ও এপ্রিলে দুই দফায় সফর বাতিল করেছেন তিনি— একবার নির্বাচনী ব্যস্ততার কারণে, অন্যবার নির্বাচন শুরুর ঠিক আগে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা জোরদার করতে নেতানিয়াহু সক্রিয় প্রচেষ্টা চালিয়ে আসছেন। গত জুলাইয়ে লিকুদ পার্টির প্রচারণায় মোদি, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ছবি ব্যবহার করা হয়— তাকে বিশ্বনেতাদের সারিতে তুলে ধরার বার্তা দিতে।

ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে ‘অপরিহার্য নেতা’ হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করতেই নেতানিয়াহুর রাজনৈতিক শিবির এমন অবস্থান তুলে ধরছে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, সর্বশেষ তিনি ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদির ইসরায়েল সফর ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। দুই নেতার ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়েও দুই দেশের সংবাদমাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।

মুক্তিসরণি/এমএস