নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. তাকবির (১৮) নামে এক তরুণকে হত্যা করে পরিত্যক্ত ভবনে ফেলে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ওয়াপদা কলোনি বউবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কেউ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পরিবারের দাবি, অপহরণকারী একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিল। নিহতের পিতা নূর মোহাম্মদ জানিয়েছেন, গতকাল রাত থেকে তার ছেলে বাড়ি ফেরেনি। মোবাইল ফোন সচল থাকলেও কল রিসিভ করেনি।
নিহতের বড় ভাই হৃদয় জানান, “আমার ভাইকে আটকে রেখে একটি ফোন নম্বর থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। আমরা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। এরপর আজ দুপুরে জানতে পারি ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে।”
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে ভিকটিমকে গত রাতে হত্যা করা হয়েছে। ফোন কলের মাধ্যমে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পাওয়ায় আমরা ওই নম্বরের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।”
মুক্তিসরণি/এমএস
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি