পটুয়াখালীর বাউফলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এক সাংবাদিককে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়, যা স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় দিবসের কর্মসূচির সময় উপজেলা পরিষদ গেটের সামনে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানান। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত নেতা মো. পলাশের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখানে এসে সাংবাদিকদের ওপর চড়াও হন।
এ সময় বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক আবু রায়হানকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়। ঘটনার পরপরই কর্তব্যরত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি জাফরান হারুন, সাংবাদিক শিবলী সাদেক, মো. রিপন, গোলাম মোস্তফা, রুবেল হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ ঘটনায় জামায়াত নেতা মো. পলাশকে প্রধান আসামি করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তিসরণি/এমএস
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি