ঢাকা | | বঙ্গাব্দ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ দোয়া

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ দোয়া
ad728
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে আইনটির বেশ কয়েকটি ধারা পরিবর্তিত হয়েছে, এনজিওদের নিবন্ধন প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকার নিচে বৈদেশিক অনুদান গ্রহণে আর আলাদা অনুমোদন লাগবে না। সংশোধিত আইনকে অংশীজনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশের কাঠামো ও কার্যপ্রণালী উন্নয়নের লক্ষ্যে প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া সভায় উপস্থাপিত হয়। খসড়াটি আরও পরিমার্জন করে পরবর্তী সভায় পুনরায় উপস্থাপনের নির্দেশনা দেয় উপদেষ্টা পরিষদ।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশির মুক্তির বিষয়ে পরিষদকে অবহিত করেন। তিনি জানান, দুই-তিন দিনের মধ্যেই তাদের দেশে ফেরত পাঠানো হবে।

মুক্তিসরণি/এমএস