বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময় চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন—উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাতের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় হাসনাত বলেন, “দোয়া করবেন তাঁর জন্য, আল্লাহ যেন তাঁকে সুস্থতা দান করেন।”
গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার দীর্ঘ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের পথে তাঁর যে সংগ্রাম, দেশ সেই পথেই এগোচ্ছে—এ অগ্রগতি তিনি যেন নিজ চোখে দেখে যেতে পারেন।”
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতার পেছনে অতীতে ঘটে যাওয়া চিকিৎসাগত অবহেলা দায়ী।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘমেয়াদি নানা সমস্যায় ভুগছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
মুক্তিসরণি/এমএস
নিজস্ব প্রতিবেদক