‘হাজী ইয়াছিন যদি নমিনেশন না পায়, কুমিল্লার মাটি পর্যন্ত রাখব না। প্রয়োজনে বিএনপি ছাড়ব, জামায়াতে যোগ দিমু।’ — এমন হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেন।
বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ জানিয়ে মঙ্গলবার রাতে দেওয়া তার চার মিনিটের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই এটি ভাইরাল হয়, জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
তিনি আরও বলেন, “হাজী ইয়াছিন যদি নমিনেশন না পায়, বিএনপির জন্য দেশ ছাড়ছি, আবার আওয়ামী লীগের জন্য দেশে নামব। কোনো আউল্লা বাউল্লারে নমিনেশন দিলে কেউ মেনে নেব না।”
কামাল হোসেন দাবি করেন, গত ১৭ বছর হাজী ইয়াছিন কুমিল্লার রাজনীতির মাঠে ছিলেন মানুষের পাশে। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা মানে ‘গণমানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা’।
মির্জা ফখরুলের নাম নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “আপনি কার প্রেসক্রিপশনে মনিরুল হক চৌধুরীর নাম বলছেন? আমাদের আপদ-বিপদে কাজ করে ইয়াছিন, আর আপনি মনে করছেন এক মিয়ারে নমিনেশন দিলেই মেনে ফেলব—অসম্ভব।”
তিনি সতর্ক করে বলেন, “যদি ইয়াছিন ভাই নমিনেশন না পায়, ১৭ বছর যেমন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, তেমনি বিএনপির বিরুদ্ধেও লড়ব।”
এ ঘটনার পর পুরো কুমিল্লা জুড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে ‘সংগঠনের হতাশা’র বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ বলছেন এটি ‘শৃঙ্খলাভঙ্গ’।
প্রসঙ্গত, কুমিল্লা-৬ (আদর্শ সদর–সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। দীর্ঘ ১৭ বছর সংগঠনের দায়িত্বে থাকা হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবার মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ। তার অনুসারীদের অনেকে এখন প্রকাশ্যে প্রতিবাদ শুরু করেছেন।
মুক্তিসরণি/এমএস
কুমিল্লা সংবাদদাতা