ঢাকা | | বঙ্গাব্দ

জাকির নায়েক যে কারণে ঢাকায় আসতে পারছেন না

জাকির নায়েক যে কারণে ঢাকায় আসতে পারছেন না
ad728

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ড. জাকির নায়েক আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।


মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, একটি সংগঠন ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় জাকির নায়েকের দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল। এছাড়া রাজধানীর বাইরে আরও কয়েকটি স্থানে তার বক্তৃতার পরিকল্পনা ছিল।


তবে বৈঠকে জানানো হয়, তার আগমন ঘিরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যা নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকায় বর্তমানে পর্যাপ্ত বাহিনী বরাদ্দ সম্ভব নয়।


তাই সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগে তার সফর অনুমোদন দেওয়া হবে না। তবে জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতি অনুকূলে থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।


উল্লেখ্য, ২০১৬ সালে হোলি আর্টিজান হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণামূলক ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ আনে। এরপর তিনি দেশত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।


মঙ্গলবারের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।



মুক্তিসরণি/এমএস