প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
বিজেএস গেজেটে বাদ পড়াদের অন্তর্ভুক্তির দাবিতে ইবিতে মানববন্ধন

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রকাশিত গেজেটে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। এতে অনতিবিলম্বে বাদ পড়া ইবি শিক্ষার্থী মেহেনাজ হুমায়রাসহ মোট ১২ জন সুপারিশপ্রাপ্তকে গেজেটভুক্ত করা এবং বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়া সংশোধন, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও বর্জনের কারণ ব্যাখ্যার দাবি জানানো হয়।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “১৭তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৩ জনকে গেজেট থেকে বাদ দেওয়া নিঃসন্দেহে বৈষম্যমূলক সিদ্ধান্ত। কারও রাজনৈতিক মত, পারিবারিক পরিচয় বা ব্যক্তিগত অবস্থানকে সামনে এনে চাকরির সুযোগ বন্ধ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
শিক্ষার্থীরা আরও বলেন, “আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে আমরা ন্যায়বিচার ও মেধার মূল্যায়নে বিশ্বাস করি। দল-মত নির্বিশেষে মানবাধিকার সম্মান করতে হবে। শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতের সরকারকেও ন্যায়নীতি অনুসরণের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।”
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নেওয়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা শেষে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট ১০২ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। দীর্ঘ প্রায় ১০ মাস পর ২৭ নভেম্বর আইন মন্ত্রণালয় নিয়োগ গেজেট প্রকাশ করে, যেখানে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়। কোনো কারণ উল্লেখ না করেই সুপারিশপ্রাপ্ত বাকি ১৩ জনের নাম বাদ দেওয়া হয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সুপারিশপ্রাপ্তদের ন্যায্যতা নিশ্চিত এবং কারণ ব্যাখ্যার জন্য কর্তৃপক্ষের প্রতি জরুরি আহ্বান জানান।
মুক্তিসরণি/এমএস
© মুক্তিসরণি